মালয়েশিয়ায় পাচার হওয়া তিন বাংলাদেশিকে উদ্ধার, তদন্তে মিললো রোমহর্ষক তথ্য।
স্বপ্না শিমু স্টাফ রিপোর্টারঃ মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে মানবপাচারকারীদের কবল থেকে বাংলাদেশের তিন নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) হুলু তেরেঙ্গানু জেলার একটি নির্মাণাধীন এলাকায় বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
হুলু তেরেঙ্গানু জেলা পুলিশ প্রধান সুপারিটেনডেন্ট শারুদিন আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তেরেঙ্গানু জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই অভিযান পরিচালনা করে। উদ্ধার তিন বাংলাদেশির বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে।
পুলিশি তদন্তে উঠে এসেছে কিছু রোমহর্ষক তথ্য, যেখানে বিনা বেতনে গত পাঁচ মাস ধরে ওই তিন প্রবাসীকে দিয়ে কাজ করানো হলেও তাদের কোনো বেতন দেয়া হয়নি। টাকা না থাকায় পেটের দায়ে তারা স্থানীয় তাসিক কেনিয়ার লেক থেকে মাছ ধরে এবং জঙ্গল থেকে কুড়িয়ে আনা ফলমূল ও লতাপাতা খেয়ে বেঁচে ছিলেন বলে জানা গেছে।
অভিযুক্ত নিয়োগকর্তা তাদের পাসপোর্ট ও কাজের পারমিট জব্দ করে নিয়েছিলেন এবং তাদের জন্য কোনো উন্নত আবাসন ব্যবস্থাও নিশ্চিত করেননি।
এই ঘটনায় ৪৬ বছর বয়সি এক মালয়েশীয় নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি জোরপূর্বক এই বাংলাদেশিদের কাজে বাধ্য করেছিলেন।
উদ্ধার ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাদের জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশের আবেদন করা হয়েছে। পুরো বিষয়টি ‘অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্রেন্টস অ্যাক্ট’ ২০০৭-এর ধারা ৪৪ এবং ১২-এর অধীনে তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মানবপাচারের মতো অপরাধের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং জনসাধারণের কাছে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন।
Sharing is caring!